বলিউড ইতিহাসের অন্যতম মাইলফলক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ দীর্ঘ ১৫ বছর পর নতুন সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম পিংক ভিলার সূত্রমতে, পরিচালক রাজকুমার হিরানি ইতিপূর্বেই সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করেছেন এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ২০০৯ সালের মূল সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন এই কিস্তির কাহিনি।
তবে নতুন এই সিক্যুয়েলে রাজু রাস্তোগির চরিত্রে অভিনেতা শারমান যোশি থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমান জানান, সিক্যুয়েল নিয়ে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। তিনি আরও জানান যে, এর আগেও অনেকবার সিক্যুয়েলের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বিজ্ঞাপনী প্রচারণায় সীমাবদ্ধ ছিল। তবে এবার চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার খবরে তিনি নিজেও দারুণ আশাবাদী এবং তাঁর আইকনিক চরিত্রে ফেরার জন্য মুখিয়ে আছেন।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি আমির খান, আর মাধবন ও শারমান যোশির বন্ধুত্বের রসায়নে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। রাজকুমার হিরানির পরিচালনায় রাজু, ফারহান ও র্যাঞ্চোর সেই অমলিন বন্ধুত্ব আবারও পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমার নাম এবং পূর্ণাঙ্গ কাস্টিং নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।



