আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ডিসেম্বর শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার সহ-আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু আইসিসির শর্ত পূরণের জটিলতায় শেষ পর্যন্ত এলপিএল স্থগিত করতে বাধ্য হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এলপিএল স্থগিত হওয়ায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার মতো লঙ্কান তারকাদের প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তাই খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়। শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সেই সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিসিবি জানিয়েছে, টানা খেলার চাপ থেকে ক্রিকেটারদের বিশ্রাম দিতে তারা শ্রীলঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।”
ফলে, ত্রিদেশীয় সিরিজ বাতিলের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের বিপিএল দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি সারতে হবে।



