উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেমেছে তীব্র শীতের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় রেকর্ড হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের হিমেল হাওয়া আর রাতভর কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে পুরো এলাকা। সকালের দিকে সূর্যের দেখা মিললেও বিকেলে চারটার পরেই আলোর ঝলক মিলিয়ে যায়। কয়েকদিন ধরে হিমালয়ের নিকটবর্তী এই অঞ্চলে বইছে ঠাণ্ডা উত্তরী হাওয়া, যা শীতের তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। দিনে রোদের দেখা মিললেও উত্তাপ তেমন অনুভূত হচ্ছে না।
গ্রামাঞ্চলে রাত ও সকালে শীত এড়াতে মানুষজন গরম কাপড় পরে চলাফেরা করছে। তবে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। কাজকর্ম কমে আসায় তাদের দৈনন্দিন জীবনযাপনেও দেখা দিয়েছে সংকট।
এদিকে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। স্থানীয় হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই ভিড় করছেন সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা। শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি, যাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, “মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রিতে নেমে গেছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বাড়ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”



