তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার (২৪ জুন) ‘ফিফা কাউন্সিল ব্যুরো’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা বা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি এএনএফএ, এর সদস্য সংগঠন ও কর্মকর্তারা ফিফা এবং এএফসির আর্থিক সহায়তা, উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম থেকেও বঞ্চিত হবেন।
দীর্ঘদিন ধরেই নেপালের ফুটবল প্রশাসন নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ এএনএফএ-কে তিন মাসের জন্য স্থগিত করলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন ক্রীড়া পরিষদ এএনএফএ-র প্রস্তাবিত নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়, ফলে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ফেডারেশন। এদিকে সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাংয়ের নেতৃত্বাধীন বর্তমান নির্বাহী কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে, ফলে নেতৃত্ব সংকট নিরসনে কোনো স্পষ্ট পথ এখনো খুঁজে পায়নি নেপালের ফুটবল প্রশাসন। ফিফা জানিয়েছে, তাদের শর্ত পূরণ করে স্বাভাবিক প্রশাসনিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
(সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট)



