বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ মারধরের অভিযোগ তোলেন, যা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে বুধবার (৩০ জুলাই) পারিবারিক সমঝোতার ভিত্তিতে সৌরভ তার অভিযোগ প্রত্যাহার করেন। গণমাধ্যমে মুখ খুলে সৌরভ জানান, দুই পরিবারের সমন্বয়ে মুচলেকার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে। তিনি বলেন, “বন্ধুদের মধ্যকার কথার কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। আমি আগে সরি বলিনি, অভিযোগও তুলিনি। আজ পারিবারিকভাবে বসে বিষয়টির সমাধান করা হয়েছে।”
সৌরভ আরও জানান, তাসকিনের বাবা তার নানার মতো এবং সেই আত্মীয়তার সম্পর্ক থেকেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তার ভাষায়, “যদি শুরুতেই বসা যেত, তাহলে তখনই সমাধান হতো। তখন পরিস্থিতি ছিল না।”
তাসকিনকে ক্রিকেটার হিসেবে শুভকামনা জানালেও বন্ধুত্ব নিয়ে কিছুটা কষ্ট প্রকাশ করেন সৌরভ। তিনি বলেন, “তাসকিন আমার ছোটবেলার বন্ধু। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। কিন্তু আমি এখন ট্রমাটাইজড। বন্ধু হিসেবে সময় লাগবে আমার।”
সৌরভের খালা ঝুমা খান জানান, “৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল। আজ পারিবারিকভাবে বসে মুচলেকায় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে। সেটাই অঙ্গীকার করা হয়েছে।”
ঘটনার শুরু থেকেই তাসকিন অভিযোগ অস্বীকার করে আসছিলেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল, সে আমার নাম বলেছে। আমার সঙ্গে ওর কোনো ঝগড়াই হয়নি। সবাইকে অনুরোধ করছি, গুজবে বিভ্রান্ত হবেন না। এটি আমার, আমার পরিবারের এবং বন্ধুর সম্মানের জন্য বিব্রতকর।”



