সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দেখা যাচ্ছে—অনেক তারকা হাতে বা গালে বিভিন্ন সংখ্যা লিখে ছবি পোস্ট করছেন। বিশেষ করে নারী তারকাদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই সংখ্যাগুলোর অর্থ কী?
জানা গেছে, এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি আন্দোলন। এর নাম— ‘মাই নাম্বার, মাই রুলস’। এই আন্দোলনের মাধ্যমে তারকারা জানাচ্ছেন, তারা প্রতিদিন কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন। সেই সংখ্যা নিজের মুখ বা হাতে লিখে তারা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করছেন।
গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে প্রথম এই আন্দোলনের সূচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে তিনি ‘৯’ লিখে জানান, প্রতিদিন অন্তত ৯টি হয়রানিমূলক বার্তা বা মন্তব্যের মুখে পড়েন। পোস্টে তিনি লিখেছেন—
“সংখ্যা থেকে কণ্ঠস্বর— আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো শুধু একটি সংখ্যা দেখছে, কিন্তু আমি যা সহ্য করেছি, তা আমি জানি।”
তিশার আহ্বানে সাড়া দিয়ে তারকাদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এই উদ্যোগ। অভিনেত্রী রুনা খান লিখেছেন ‘২৪’, শবনম ফারিয়া ‘১০০০’, প্রার্থনা ফারদিন দিঘী ‘৩’, মৌসুমী হামিদ ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুল ‘৯’ এবং আশনা হাবিব ভাবনা লিখেছেন ‘৯৯+’। তারা প্রত্যেকে জানাচ্ছেন, সামাজিকমাধ্যমে নারীরা কত মাত্রায় হয়রানির শিকার হন।
গণমাধ্যমকে রুনা খান বলেন, “শুধু তারকা নয়, সাধারণ নারীও প্রতিদিন সামাজিকমাধ্যমে নানা ধরনের হয়রানির মুখে পড়েন। সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে এসেছে, তত দ্রুত শেখেনি এর সঠিক ব্যবহার।”
জানা গেছে, ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনটি ১৬ দিন চলবে, এবং ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে এতে আরও অনেক তারকা যুক্ত হবেন।



