ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। তবে সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তিনি।
অনুষ্ঠানে শাকিব খান জানান, একসময় গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের বাসাও ছিল কাছাকাছি। সম্পর্কটি এতটাই গভীর ছিল যে, তিনি মনে মনে সেই তরুণীকেই ভবিষ্যতের জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পূর্ণতা পায়নি।
স্মৃতিচারণ করতে গিয়ে শাকিব বলেন, “আমার বাসার কাছাকাছি ছিল তার বাড়ি। মেয়েটিকে আমি খুব ভালোবাসতাম, আর সেও আমাকে খুব ভালোবাসত। মনে মনে তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলাম।”
অনুষ্ঠানের উপস্থাপক অভিনেত্রী পূর্ণিমা জানান, তিনি ওই তরুণীকে চিনতেন এবং একসময় ভেবেছিলেন, তার সঙ্গেই শাকিব খানের বিয়ে হবে। জবাবে শাকিব খান বলেন, মাঝে মাঝে একা বসে ভাবেন—যাকে ভালোবেসেছিলেন, জীবন শেষ পর্যন্ত অন্য পথে চলে গেছে। তবে সেই মানুষটির প্রতি তার কোনো ক্ষোভ নেই। বরং তিনি বিশ্বাস করেন, তিনি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য এবং সবসময় তার সুখী ও ভালো থাকার কামনাই করেন।
পূর্ণিমা আরও জানতে চান, সেই মানুষটিকে এখনও তিনি মিস করেন কি না কিংবা সম্পর্কটি নিয়ে কোনো আক্ষেপ আছে কি না। উত্তরে শাকিব বলেন, গভীর ভালোবাসার স্মৃতি সহজে মুছে যায় না। তাই এখনও মাঝে মাঝে তার কথা মনে পড়ে। তার ভাষায়, ভালোবাসা যত গভীর হয়, বিচ্ছেদের কষ্টও তত গভীর হয়।
অনুষ্ঠানের শেষদিকে প্রশ্ন করা হয়, যদি সেই মানুষটি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। জবাবে শাকিব খান বলেন, তিনি শুধু চান সেই মানুষটি ভালো থাকুক এবং সুখে জীবন কাটাক। তার মতে, কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেও জীবনের সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়।



