ঢাকায় এসে মঞ্চে ওঠার আগ মুহূর্তেই স্থগিত হয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট। শুক্রবার (৫ ডিসেম্বর) মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে হওয়া এই আয়োজনে কাভিশের পাশাপাশি বাংলাদেশের শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। এর আগের দিনই কাভিশ ঢাকায় পৌঁছে, এবং আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশনস সামাজিক মাধ্যমে ব্যান্ডটির আগমনের ছবিও প্রকাশ করে। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি জটিলতায় পড়ে আয়োজকদের বাধ্য হয়ে অনুষ্ঠান স্থগিত করতে হয়। আয়োজক প্রতিষ্ঠান জানায়, দেশের বর্তমান পরিস্থিতি, অস্থিরতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতির জটিলতা অতিক্রম করেও পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠান পুনর্নির্ধারণ করার জন্য। তারা আরও জানায়, কনসার্ট বাতিল করা হয়নি—শুধু স্থগিত করা হয়েছে, এবং দর্শকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। কাভিশও ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়াজুড়ে জনপ্রিয় এই ব্যান্ডটি গত জানুয়ারিতেও ঢাকায় ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান পরিবেশন করেছিল। ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’-এর মতো গান দিয়ে সুপরিচিত কাভিশ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।



