নারী ক্রিকেটারদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে এই টুর্নামেন্ট আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। মোট আটটি দল এতে অংশ নেবে, যেখানে ১১২ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন।
বিসিবি জানিয়েছে, অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে চলতি বছরের এপ্রিলে মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সূচি পরিবর্তনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ১০ জুলাই শহীদ চান্দু স্টেডিয়াম-এ নারী বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।



