ঢাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক কনসার্ট বাতিলের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে আতিফ আসলাম জানিয়েছেন, আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিক সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি। কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাতিলের কারণ জানায়নি। বিভিন্ন সূত্রের তথ্যমতে, আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সরকারি অনুমতি মেলেনি; কিছু গুরুত্বপূর্ণ নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়। এদিকে ‘চলঘুরি’ টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে ৯ হাজার টাকা দামের টিকিট কিনেছিলেন দর্শকরা—হঠাৎ স্থগিত ঘোষণায় তারা ব্যাপকভাবে হতাশ ও রিফান্ডের অপেক্ষায়। সংশ্লিষ্টদের মতে, এমন আকস্মিক আয়োজনে ভেস্তে যাওয়া শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং দর্শকদের অসন্তোষ বাড়াতে পারে এবং বারবার কনসার্ট বাতিল হওয়া বাংলাদেশের সংগীত আয়োজন শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



