ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ও সরকারি অনুমোদন নেওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
আয়োজকরা জানিয়েছেন, যারা টিকিট কিনেছেন তাদের সবাইকে অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। কনসার্ট পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও; তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে কনসার্ট স্থগিত হওয়ার খবর পেয়েছেন।
‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই বিশেষ আয়োজনটি যৌথভাবে আয়োজন করছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।



