ফেনীর ফুলগাজীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে প্রায় ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সেবা পেয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ আসনে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীর বিভিন্ন বিভাগ থেকে আসা স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ড্যাব-এর জেলা সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুন জানান, খালেদা জিয়ার নিজ এলাকা থেকে এই মানবিক কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ফেনী জেলার পাঁচটি উপজেলাতেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।



