বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও মিডিয়া উদ্ভাবনের অগ্রযাত্রায় বিশেষ স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’, যা আয়োজন করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে।
এবারের আয়োজনে বিনোদন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন কুদরত উল্লাহ, যিনি বর্তমানে দৈনিক আমাদের সময়-এর অনলাইন বিভাগে কর্মরত। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফ-এর জুরি বোর্ডের সদস্যরা, যারা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও ডিজিটাল নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশিদ আহমেদ হোসাইনি (পরিচালক, বিগমিয়া), জাবেদ সুলতান পিয়াস (চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো), তসলিম চৌধুরী (সিইও, মোহনা টিভি ও প্রেসিডেন্ট, ইএমএমএ), মো. ফেরদৌস নাঈম পরাগ (হেড অব মার্কেটিং, জিটিভি ও সেক্রেটারি জেনারেল, ইএমএমএ) এবং রাকিব হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, লুমিনাস গ্রুপ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তৃণা ইসলাম (হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি) ও ফয়সাল তিতুমীর।
পুরস্কারপ্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে কুদরত উল্লাহ বলেন, “যেকোনো পুরস্কারই আনন্দের। সাংবাদিক হিসেবে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই গর্বের। ডিএমএফ-এর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আশা করি, বিনোদন সাংবাদিকতায় মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের আরও কিছু স্মরণীয় উপহার দিতে পারব।”
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ডিএমএফ ইতোমধ্যে বাংলাদেশের ডিজিটাল মিডিয়া পেশাজীবীদের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের একত্র করে প্রশিক্ষণ, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করছে।
বিনোদন সাংবাদিকতায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন কুদরত উল্লাহ। পাশাপাশি তিনি গল্প, নাটক ও সাহিত্যচর্চায়ও সক্রিয়। তার রচিত একাধিক নাটক দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। তিনি টেলিভিশন নাট্যকার সংঘের ২০২৩–২৪ মেয়াদে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখক হিসেবেও সমান পরিচিত—তার প্রথম বই ‘তারকাকার’ প্রকাশিত হয় শিল্প, সংস্কৃতি, ভাষাসৈনিক ও অভিনয়জগতের ১৩ জন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকারভিত্তিক সংকলন হিসেবে। বর্তমানে তিনি তার প্রথম উপন্যাস ‘অন্তে নীলান্তর’-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করছেন।



