ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৫২টি মামলা করা হয়েছে। ডিএমপির ৮টি বিভাগ ও গোয়েন্দা শাখার সমন্বিত এই অভিযানে সর্বোচ্চ ১২৩ জন গ্রেপ্তার হয় মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ১টি ছুরি ও ১টি আংশিক ব্লেডসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৬ কেজি ৫ ৯০ গ্রাম গাঁজা, ৩,৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন এবং বিদেশি ও দেশি মদ।
তাছাড়াও অভিযান পরিচালনাকালে ১০টি চোরাই মোবাইল ফোন, ট্রেনের টয়লেটের ৯টি স্টিল ও প্লাস্টিকের কল, ২১.২ লিটার ওষুধের রাসায়নিক উদ্ধার করা হয় এবং অপহৃত এক ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।



