ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী দলীয় নেতা ও গত বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে অভিহিত করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভেনেজুয়েলায় শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলো বিশ্ববাসীর কাছে তাঁর সক্ষমতা প্রমাণ করেছে। মাচাদো এই উদ্যোগকে ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মাচাদো জানান, নিকোলাস মাদুরো দেশটির নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করলেও তারা বিপুল ব্যবধানে মাদুরোকে পরাজিত করেছেন। গত কয়েকমাস ধরে আত্মগোপনে থাকা এই নেত্রী দ্রুতই দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, বর্তমানে ভেনেজুয়েলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে। মাচাদোর মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর আস্থা রাখা সম্ভব নয় এবং দেশের পরিবর্তনের জন্য এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, মাদুরো আটক হওয়ার পর দেশটিকে আগে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনতে হবে, তাই আগামী ৩০ দিনের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার প্রশাসনিক তদারকি করবে বলেও তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্প দাবি করেন, এটি কোনো যুদ্ধ নয়, বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই। ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করার পরিকল্পনাও জানান তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে সরাসরি ট্রাম্প নিজেই থাকবেন বলে নিশ্চিত করেছেন।



