টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই বিশ্বক্রিকেটে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান, আর এবার হতাশা প্রকাশ করলেন ডি ভিলিয়ার্স।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘AB de Villiers 360’-এ প্রকাশিত একটি ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে কথা বলেন সাবেক এই প্রোটিয়া তারকা। যদিও তিনি নির্দিষ্টভাবে আইসিসি বা বাংলাদেশের পক্ষ নেননি, তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে গভীর হতাশার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন।
এক ভক্তের প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, তিনি এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকতে চান। তার ভাষায়, এটি একটি রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তার কাছে নেই। তবে তিনি এটুকু পরিষ্কার করে বলেন, বাংলাদেশের মতো একটি দলের বিশ্বকাপে না খেলতে পারা অত্যন্ত দুঃখজনক। তার মতে, পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করতে হয়।
ডি ভিলিয়ার্স আরও বলেন, ক্রিকেটের সঙ্গে যখন রাজনীতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে এবং তার প্রভাব মাঠের খেলায় পড়ে, তখন বিষয়টি তাকে খুবই ব্যথিত করে। ক্রিকেট হওয়া উচিত খেলোয়াড় ও দর্শকদের জন্য আনন্দের জায়গা, সেখানে এমন পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের অনুপস্থিতি বিশ্বকাপের প্রতিযোগিতামূলক ভারসাম্য ও গ্রহণযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।



