চীনে এক মানব-সদৃশ রোবট টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড গড়ে প্রযুক্তি বিশ্বকে বিস্মিত করেছে। রাজপথে দুলে দুলে একটানা চলতে থাকা এই রোবটকে থামাতে পারেনি ভিড়, ট্রাফিক সিগন্যাল কিংবা অসমান রাস্তা—কোনো কিছুই। তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, শরীরে নেই ঘামের লেশমাত্র। পথচারীরা অবাক হয়ে দেখেছে, মানুষ নয়, তবুও মানুষের মতোই দুই পায়ে ভর করে রোবটটি মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে।
১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টানা হাঁটায় রোবটটি অতিক্রম করেছে ১০৬ কিলোমিটার। পুরো যাত্রায় ১৫ বার ব্যাটারি পরিবর্তন এবং মাত্র দু’বার সামান্য বিরতি ছাড়া বাকিটা সময় সে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পথ অতিক্রম করেছে। হাইওয়ে থেকে ব্যস্ত শহরের অলিগলি—সব জায়গায়ই বাধাহীনভাবে হাঁটতে সক্ষম হয়েছে এই উন্নত প্রযুক্তির রোবট।
বিশ্বরেকর্ড গড়ার পর রোবটটি মজার ছলে জানায়, রেকর্ড গড়ে সে খুশি, তবে এত হাঁটার পরে তার ‘পা দুটো একটু অবশ হয়ে গেছে’! চীনের সুচৌ শহরের ওরিয়েন্টাল গেট থেকে সাংহাইয়ের বিখ্যাত বন্ড পর্যন্ত এই দুর্দান্ত যাত্রা করে গিনেস বুকে নাম লিখিয়েছে এজিবট এ২ নামের এই হিউম্যানয়েড রোবট।



