জিম্বাবুয়ের হারারেতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর ছন্দপতনে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে তারা ৫ উইকেটে পরাজিত হয়েছে। এ হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ পিছিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দলটি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ২২ রানের মধ্যেই দুই ওপেনার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও রিজন হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রিজন ৩৮ বলে ১৭ রান করে আউট হলেও অধিনায়ক আজিজুল লড়াই চালিয়ে যান এবং ৮১ বলে একটি মূল্যবান হাফসেঞ্চুরি পূর্ণ করে ৫৯ রানে ইনিংস শেষ করেন।
তবে তার বিদায়ের পর দ্রুতই ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। শেষ ছয় উইকেট পড়ে যায় মাত্র ৫৮ রানের ব্যবধানে। শেষদিকে একপ্রান্ত আগলে রেখে কালাম সিদ্দিকী ৬১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ থামে ৪৪.৫ ওভারে ১৭৫ রানে।
১৭৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই আল ফাহাদ এক উইকেট তুলে নেন। তবে এরপর দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান ম্যানাক গড়েন ৫৫ রানের জুটি। বুলবুলিয়া করেন ৩৯ রান এবং ম্যানাক খেলেন দলীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস।
শেষদিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪৯ বলে ৪১ রান করে জয়ের পথে নেতৃত্ব দেন। তাকে ফিরিয়ে দেন ফাহাদ। তবে ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানে অপরাজিত থেকে ৩৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।
এই পরাজয়ের পর আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭৫/১০ (৪৪.৫ ওভারে)
আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭
রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৭৬/৫ (৩৬.৫ ওভারে)
ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯
ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।



