অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ এইচপি দল আগেই শেষ চার নিশ্চিত করেছিল। পরে তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দল সেমিফাইনালে মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। আর দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থানের দলের বিপক্ষে। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। সমানসংখ্যক ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এইচপি।
বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ। তারাও ছয় ম্যাচে পাঁচ জয় তুলে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ছয় ম্যাচে তিনটি করে জয় পেয়েছে নিউজিল্যান্ড ‘এ’, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান একাডেমি। রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড ‘এ’ চতুর্থ স্থান নিশ্চিত করেছে এবং সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়েছে শীর্ষে থাকা অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।
ফলে টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’। অন্য সেমিফাইনালে বাংলাদেশের এইচপি দল খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশের বিপক্ষে। আগামী রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অন্য সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ এইচপি দল এখন শেষ চার পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। দুর্দান্ত গ্রুপ পর্বের পর শিরোপার লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত টাইগাররা।



