ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে বরগুনার পাথরঘাটার এফবি আবদুল্লাহ তুফান নামের একটি মাছ ধরার ট্রলার। তবে আশার কথা, ট্রলারে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ডুবে যাওয়া ট্রলারের খোঁজ মেলেনি।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের বাসিন্দা সগির কোম্পানির মালিকানাধীন এই ট্রলারটিতে মাছ ধরার সরঞ্জামসহ প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পদ ছিল।
ট্রলারের মালিক মো. সগির কোম্পানি বলেন, তিন দিন আগে ১৮ জন জেলে নিয়ে ট্রলারটি সাগরে যায়। সোমবার রাতে মাছ ধরতে জাল ফেললে হঠাৎ ঝড় শুরু হয়। রাত আড়াইটার দিকে প্রবল ঝড়ে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। প্রাণে বাঁচার জন্য জেলেরা পানিতে লাফ দেয় এবং পরে মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, গভীর সমুদ্রে ট্রলার ডুবির এ ঘটনা ঘটেছে। জেলেরা সবাই জীবিত উদ্ধার হলেও ট্রলার উদ্ধারে এখনও চেষ্টা চালানো হচ্ছে।



