জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। তাপপ্রবাহের কবলে ঢাকাসহ দেশের ৪০ জেলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভুগিয়েছে মানুষকে। তবে চলতি জুন মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। মাসজুড়ে দেশের ওপর দিয়ে ২-৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ জুন) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এবং ২-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু, ৩৮-৪০ ডিগ্রিকে মাঝারি এবং ৪০ ডিগ্রি ছাড়ালে তীব্র তাপপ্রবাহ বলে থাকেন। পূর্বাভাসে আরও বলা হয়, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) সারাদেশে বিস্তার লাভ করতে পারে। এ মাসে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপেও পরিণত হতে পারে। বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞ কমিটি জানায়, মে মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৭.৪ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টি হয়েছে। মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত দিনাজপুরে ১৪৪ মিলিমিটার। অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারি বর্ষণ হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধবারও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চলমান তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যেসব স্থানে বৃষ্টিপাত হবে, সেসব স্থানের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নরসিংদীতে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটি ও কুমিল্লায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।



