চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগে ২১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এটি ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে বিশেষ প্রয়োজন হলে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি অনুযায়ী—
২৮ ডিসেম্বর: বাংলা
২৯ ডিসেম্বর: ইংরেজি
৩০ ডিসেম্বর: গণিত
৩১ ডিসেম্বর: বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা পরিচালিত হবে।
প্রবেশপত্র পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
এছাড়া, পরীক্ষার্থীরা শুধুমাত্র বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ—পরীক্ষার্থীসহ—মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবে না।
সূত্র: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড



