বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার আপোসের শর্তে আদালত থেকে জামিন মঞ্জুর করা হয় তাকে। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণেই গান গেয়ে শোনান নোবেল এবং বলেন, “মানুষ মাত্রই ভুল।”
বারবার নানা বিতর্ক ও আইনি জটিলতায় জড়ানো প্রসঙ্গে অনুশোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।” দর্শক-শ্রোতাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।” পরে সংবাদমাধ্যমের অনুরোধে নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ পরিবেশন করেন তিনি।
এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে দায়িত্ব দেন।
তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন তার স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

