জাপানের একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতে প্রতিনিধি দল জানায়, তারা জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের তত্ত্বাবধানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিবিড় ভাষা ও সংস্কৃতি প্রশিক্ষণ দিতে আগ্রহী। এ উদ্যোগ জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানেচ্ছু বাংলাদেশিদের জন্য সুযোগ সৃষ্টি করবে এবং তাদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক জাপানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যা জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে। তিনি জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
সভায় দ্রুত সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



