চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মতোই ঢাকার জাতীয় স্টেডিয়ামকেও শুধু নিজেদের ব্যবহারের জন্য চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
তিনি জানান, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় স্টেডিয়াম কেবল অবস্থানের দিক থেকে নয়, নানা সুবিধার দিক থেকেও বাফুফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও জাতীয় স্টেডিয়ামকেই ‘হোম অব ফুটবল’ হিসেবে বিবেচনা করছে বাফুফে। তাই এটি একক ব্যবহারের জন্য সরকারের কাছে চাওয়া হয়েছে।
বাফুফের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, বাফুফের অনুরোধের ভিত্তিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে রয়েছে ভিন্নমত। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানান, ফুটবল মাঠের চারপাশে থাকা অ্যাথলেটিক্স ট্র্যাক কোনো সমস্যা নয়। বরং বিশ্বের অনেক স্টেডিয়ামেই একই ধরনের ব্যবস্থা রয়েছে। নিয়মিতই বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এখানে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে, যা আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কোনো বাধা নয়।
তিনি আরও বলেন, অতীতে এই স্টেডিয়াম আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু ছিল। ভবিষ্যতেও প্রিমিয়ার লিগের যেকোনো ক্লাব চাইলে বাফুফে অনুমোদন সাপেক্ষে স্টেডিয়ামটি হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারবে।



