বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনায় থাকা ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে আগ্রহী একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেছে। এ বিষয়ে তিনি বলেন, “ড. জাকির নায়েককে যারা আনতে চান, তাদের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, এটি আমার এখতিয়ার নয়। বিষয়টি সম্পূর্ণভাবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এই দুই মন্ত্রণালয় অনুমতি দিলে তিনি বাংলাদেশে আসতে পারবেন।”
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাকির নায়েকের আগমনে তার ব্যক্তিগত সম্মতি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “আমার সম্মতি বা অসম্মতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি প্রক্রিয়া। যেকোনো বিদেশি অতিথির আগমনের অনুমতি দেয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা অনুমতি দিলে তিনি আসতে পারবেন।”
তিনি আরও জানান, পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন তিনি এ বিষয়ে অবহিত নন। তাই বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। “ধর্ম উপদেষ্টা হিসেবে এই বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই,” বলেন ড. খালিদ হোসেন।



