
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী সিলেটি কমিউনিটির অন্যতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য চাঁদ রাত মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ, বৃহস্পতিবার রাতে চ্যাম্বলির আলফালাহ সুপারমার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
রাত ৮টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আগের রাতকে উৎসবমুখর করে তুলতে ভিড় করেন নানা বয়সী মানুষ।
মেলায় দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি ও ঈদের প্রয়োজনীয় সামগ্রীর নানা স্টল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কেনাকাটার পাশাপাশি মেহেদি উৎসবও ছিল বিশেষ আকর্ষণ, যেখানে দক্ষ শিল্পীদের হাতে মেহেদি রাঙিয়ে আনন্দ উপভোগ করেন অনেকেই।
খাদ্যপ্রেমীদের জন্য আলফালাহ রেস্টুরেন্টের উদ্যোগে পরিবেশন করা হয় বিভিন্ন দেশীয় ও হালাল খাবার, যা প্রবাসীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
পুরো আয়োজনজুড়ে ছিল এক উষ্ণ পারিবারিক পরিবেশ, যা প্রবাসে থেকেও ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, কমিউনিটির মধ্যে বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি তুলে ধরাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
উপস্থিত দর্শনার্থীরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।


