শিশু ও কিশোর ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে জনস্বার্থবিরোধী পরিবেশ তৈরি এবং তাদের অনলাইন ঝুঁকির মুখে ফেলার দায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় প্ল্যাটফর্ম দুটির বেশ কয়েকটি জনপ্রিয় ফিচার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এ রায়কে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
রায়ে আদালত উল্লেখ করেন, অটোপ্লে, ইনফিনিট স্ক্রলিং, ‘লাইক’ সংখ্যা প্রদর্শন, পুশ নোটিফিকেশন এবং অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট সুপারিশের মতো ফিচারগুলো শিশু-কিশোরদের অতিরিক্ত সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত রাখে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য পুশ নোটিফিকেশন সীমিত করা, মাসিক ব্যবহার সময় সর্বোচ্চ ৯০ ঘণ্টায় নির্ধারণ, স্কুল চলাকালে নির্দিষ্ট নোটিফিকেশন বন্ধ রাখা এবং ‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিউ মেক্সিকোতে ১৩ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস বলেন, এই রায় শুধু অভিভাবকদের জন্য নয়, বরং নিরাপদ অনলাইন পরিবেশে বেড়ে ওঠার অধিকার থাকা প্রতিটি শিশুর জন্য একটি বড় বিজয়। তাঁর ভাষায়, বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানকে শিশুদের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে লাভবান হওয়ার সুযোগ বন্ধ করতেই এই মামলা পরিচালনা করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার প্রায় তিন-চতুর্থাংশ আগামী পাঁচ বছরে একটি মানসিক স্বাস্থ্য চিকিৎসা তহবিলে জমা দিতে হবে। বাকি অর্থ শিশু-কিশোরদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কর্মসূচি এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে ব্যয় করা হবে।
তবে আদালতের এ রায়ের সঙ্গে একমত নয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের কার্যক্রমের ওপর আস্থা রাখে। মেটার দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগে প্রকৃত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের আরও ৩০টির বেশি অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।



