টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য গড়তে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন শক্তি ও কৌশলের সঠিক ব্যবহার। সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটারদের পাওয়ার-হিটিংয়ে পারদর্শী করে তুলতে বিসিবি এবার যুক্ত করছে বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন।
আগামী ৬ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন উড। তবে তাঁর কাজ শুধু টেকনিক শেখানো নয়; মূল লক্ষ্য থাকবে—বল কিভাবে ছক্কা বা বাউন্ডারিতে পরিণত করা যায় এবং কীভাবে ব্যাটাররা নিজেদের শক্তি আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে। এর আগেও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার তাঁর অভিজ্ঞতাকে জাতীয় দলের উন্নয়নে কাজে লাগাতে চায় বিসিবি।
জুলিয়ান উড বলেন, “বাংলাদেশে প্রতিভার অভাব নেই। তবে এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা কাজে লাগিয়ে দ্রুত রান করাই আসল। আমি ক্রিকেটারদের শেখাবো কীভাবে নিজেদের শক্তিকে কাজে লাগাতে হয়।” তিনি আরও জানান, “তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। বিসিবির সঙ্গে কয়েক বছর ধরেই আলাপ হচ্ছিল, এবার তা বাস্তবে রূপ নিচ্ছে।”
এদিকে শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। মানসিক দৃঢ়তা বাড়াতে বিসিবি এবার একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার কথা ভাবছে। আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। পাশাপাশি স্থানীয় মনোবিজ্ঞানীদেরও যুক্ত করা হবে, যাতে ভাষাগত সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়।
প্রস্তুতির অংশ হিসেবে বিসিবি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিল, কিন্তু তা বাতিল হয়ে গেছে। বিকল্প হিসেবে এখন নেপাল কিংবা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে যোগাযোগ চলছে।
৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে এই উদ্যোগগুলো যেন এক নতুন বাংলাদেশ দলকে উপহার দেয়, সেই প্রত্যাশায় দেশের ক্রিকেটভক্তরা।



