হকির মর্যাদাপূর্ণ আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় পৌঁছানোর পর সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে দল ঘোষণা করেন। আগামী ২৭ অক্টোবর ভারতে শুরু হবে টুর্নামেন্টটি। এ লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আগামীকাল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে আবেদন করবেন দলের সদস্যরা। টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল।
এশিয়ান গেমসের শীর্ষ ছয়টি দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার কথা থাকলেও বাংলাদেশ সপ্তম স্থান অর্জন করেছিল। তবে পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বিকল্প হিসেবে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে নতুন করে দলে জায়গা পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।



