ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরের বিরহার গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। গুগল ম্যাপসের জরিপকারী একটি দল চোর সন্দেহে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টেক মাহিন্দ্রার নিযুক্ত কর্মীরা গুগল ম্যাপসের জন্য একটি বিশেষ যন্ত্রসংবলিত গাড়ি ও ক্যামেরার সাহায্যে রাস্তার ছবি তুলছিলেন। এই ছবিগুলো মানচিত্রে সঠিকভাবে রাস্তা চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়। কিন্তু গ্রামবাসী ক্যামেরাযুক্ত গাড়িটিকে সন্দেহজনক ভেবে ধারণা করেন, চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা গাড়িটি ঘিরে ফেলেন এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুল বোঝাবুঝির কারণে তারা কর্মীদের মারধর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।
পরে গুগল ম্যাপসের কর্মীরা থানায় জানান, তারা চোর নন; বরং সরকারি অনুমতি নিয়েই গ্রামের মানচিত্র তৈরির কাজে এসেছিলেন। তাদের বক্তব্য শোনার পর গ্রামবাসী শান্ত হন। এক কর্মী এনডিটিভিকে বলেন, “আমরা শুধু মানচিত্র তৈরির কাজে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আমাদের মারধর করা হয়।”
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার কারণে তারা অতিরিক্ত সতর্ক ছিলেন। তবে এ ঘটনায় গুগল ম্যাপসের কর্মীরা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।
কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়েছেন যে এটি গুগল ম্যাপসের জরিপ কার্যক্রম ছিল। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



