নখ কেটে ফেলার পর আমরা সাধারণত সেগুলো ফেলে দিই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চীনে এই কাটা নখই বিক্রি হচ্ছে চড়া দামে। আর এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ।
বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের স্থানীয় ভেষজ ওষুধ প্রস্তুতকারীরা কাটা নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুঁড়ো কার্যকর বলে বিশ্বাস করা হয়। এজন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ সংগ্রহ করে। এরপর সেগুলো ধুয়ে, শুকিয়ে গুঁড়ো করে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে প্রায় ১০০ গ্রাম নখ গজায়। উৎপাদন কম হওয়ায় কাটা নখের বাজারমূল্য তুলনামূলক বেশি। চীনা গণমাধ্যম জানিয়েছে, দেশটির এক নারী নিজের কাটা নখ কেজিপ্রতি ২১ ডলারে বিক্রি করছেন। তিনি জানান, শৈশব থেকেই টাকার প্রয়োজনে নখ জমিয়ে আসছেন।
তবে বিষয়টি একেবারে নতুন নয়। ১৯৬০-এর দশক থেকেই চীনের স্থানীয় ওষুধে মানবনখ ব্যবহার হয়ে আসছে। নেইল পলিশ জনপ্রিয় হওয়ার পর এর ব্যবহার কমে গেলেও সাম্প্রতিক সময়ে আবারও এর চাহিদা বেড়েছে। উল্লেখ্য, এসব ওষুধ তৈরির জন্য শুধুমাত্র হাতের নখ কেনা হয়, পায়ের নখ নয়। কেনার আগে প্রতিটি নখ সতর্কভাবে পরীক্ষা ও জীবাণুমুক্ত করার পর ব্যবহার উপযোগী ধরা হয়।



