নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ ‘হ্যালো ডিসি’। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য গ্রহণ করতে পারবেন।
প্রাথমিকভাবে hellodc.bd থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেখান থেকেও এটি ডাউনলোডের সুযোগ থাকবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি সংগ্রহ করা যাবে। নাগরিকরা প্রয়োজনে ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা নিজেদের আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন ধরনের নাগরিক সহায়তাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপ নাগরিক সেবাকে সহজ ও দ্রুততর করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তার মতে, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সরকারি সেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাবে এবং সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে আরও নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’কে একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিকদের মতামত, অভিযোগ ও সেবার চাহিদার দ্রুত সমাধান নিশ্চিত করে একটি আধুনিক ও কার্যকর ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য।



