
চাঁপাইনবাবগঞ্জ-এর গোমস্তাপুর উপজেলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে এক ফিলিং স্টেশন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার লাগিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে স্টোরেজ যাচাই করে বিপরীত চিত্র পাওয়া যায়। সেখানে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন মজুদ ছিল।
মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তেল বিক্রির কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়।
ইউএনও জাকির মুন্সী জানান, জনস্বার্থবিরোধী এমন কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে রসিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
