জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। তিনি জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদফতর ও স্পারসো থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মুসলিম বিশ্বে ঈদ উদযাপনে কিছুটা ভিন্নতা দেখা গেছে। আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবারই ঈদ উদযাপিত হয়েছে। একই দিন চাঁদপুরের একটি গ্রামে মাত্র সাতজন মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।



