দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজে আর মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। কেবল আইসিসির কোনো বড় টুর্নামেন্টেই দেখা মেলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনাপূর্ণ লড়াই। তবে চলতি মাসেই আবারও সেই রোমাঞ্চ উপভোগের সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস (‘এ’ দল)।
আগামী ১৪ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত এই প্রতিযোগিতা। সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। উদ্বোধনী দিনে পাকিস্তান খেলবে ওমানের বিপক্ষে এবং ভারত নামবে আমিরাতের বিপক্ষে। এরপর ১৮ নভেম্বর ভারত মোকাবিলা করবে ওমানকে, আর পাকিস্তান লড়বে আমিরাতের বিপক্ষে।
উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘদিন ধরে পরিচিত থাকা এসি সি ইমার্জিং টিমস এশিয়া কাপ এবার নতুন নামে আয়োজন হচ্ছে—রাইজিং স্টারস এশিয়া কাপ। শুরুতে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে অনুষ্ঠিত হলেও বর্তমানে অংশগ্রহণকারী আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো তাদের ‘এ’ দল পাঠায় এই প্রতিযোগিতায়।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আর ২৩ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।



