প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার (২.২ বিলিয়ন ইউয়ান) ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তা ইয়াং ইউলিনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার পূর্বাঞ্চলের চাংঝৌ শহরের আদালত এ রায় ঘোষণা করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী ইয়াং ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, প্রায় তিন দশক ধরে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্প, জমি হস্তান্তর এবং অর্থায়নসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেন। এছাড়া সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের মতে, তার অপরাধ অত্যন্ত গুরুতর ছিল এবং এর ফলে রাষ্ট্র ও জনগণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে বেইজিং। চীনে আর্থিক অপরাধের মামলায় মৃত্যুদণ্ড তুলনামূলকভাবে বিরল হলেও, ১ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ জড়িত গুরুতর দুর্নীতির ঘটনায় এ ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে।
এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক কর্মকর্তা লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে বড় অঙ্কের ঘুষ ও আত্মসাতের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়াং ইউলিন আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শেষ বক্তব্যে অনুশোচনাও প্রকাশ করেছেন। তবে তদন্তে সহযোগিতা করলেও তার অপরাধের ব্যাপকতা ও গুরুতরতার কারণে আদালত শাস্তি কমানোর কোনো সুযোগ দেখেনি।



