ঢাকার সংগীতপ্রেমীদের জন্য আগামী ৬ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট ‘ঢাকা ইকোস: ঘুমপাড়ানি গান’। শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমধর্মী আয়োজন। কনসার্টের টিকিট বর্তমানে পাওয়া যাচ্ছে tickyto.com ওয়েবসাইটে।
কনসার্টের মঞ্চে পরিবেশন করবেন লেভেল ফাইভ, ব্লু জিনস, এ কে রাহুল, ফিরোজ জং, অ্যাডভার্ব, পলাশ নূর, মাশা ইসলাম, ঋতুরাজ এবং অ্যাঞ্জেল নূরসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে সংগীতশিল্পী শাহরিন শাহরিয়ারের নতুন এলবাম ‘ঘুমপাড়ানির গান’।
আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট অপারেটিং অফিসার প্রতীক দাস জন বলেন, আন্তর্জাতিক কনসার্টের জনপ্রিয়তার মাঝে আমাদের দেশীয় গানের প্রচলন কিছুটা কমে গেছে। তাই দেশীয় সংগীতকে আবারও নতুন প্রাণ দিতে এবং বাংলা গানকে বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, এটি হতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় বাংলা গানকেন্দ্রিক কনসার্ট।



