ফুটবলে অন্যতম আলোচিত বিষয় হলো বর্ণবাদ। এ বিষয়ে সবসময়ই কড়া অবস্থান নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধেও উঠেছে বর্ণবাদী আচরণের অভিযোগ।
এ কারণে শুধু আর্জেন্টিনা নয়, আরও পাঁচ দল—আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা—কে মোটা অঙ্কের জরিমানা করেছে ফিফা। বিষয়টি নিশ্চিত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি, যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।
জানা গেছে, গত জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই ঘটনাগুলো ঘটে। এর মধ্যে আর্জেন্টিনাকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা। ১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে এ শাস্তি দেওয়া হয়।
একই ম্যাচে কলম্বিয়ার এক খেলোয়াড়কে কড়া ট্যাকল করার কারণে লাল কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। ফলে তিনি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
তবে ছয় দলের মধ্যে সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছে আলবেনিয়া। তাদের জরিমানা করা হয়েছে ২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা।



