আগামীকাল মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর মাধ্যমে দেশে শুরু হতে যাচ্ছে নতুন যুগের নিরবচ্ছিন্ন ও নিরাপদ ডিজিটাল লেনদেন।
গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় ‘গুগল পে’ সেবাটি প্রথমবারের মতো চালু করছে সিটি ব্যাংক, যা দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হলো।
প্রাথমিক পর্যায়ে, কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড ‘গুগল ওয়ালেট’-এ যুক্ত করে এই সেবা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্য ব্যাংকগুলো যুক্ত হলে ব্যবহারকারীদের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
‘গুগল পে’ ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে হবে। এরপর গ্রাহকরা যেকোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করতে পারবেন।
এ সেবার সবচেয়ে বড় সুবিধা হলো—লেনদেনে কোনো ফি নেওয়া হয় না এবং গ্রাহকের কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করা হয়, যা তথ্য সুরক্ষা নিশ্চিত করে। ‘গুগল পে’-এর মাধ্যমে দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনাল-এ অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করেই নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করা সম্ভব হবে। এতে আর আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন পড়বে না।



