মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানিয়ে গুগলের হোমপেজে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ডুডল। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই নীল আকাশে সাদা মেঘের ভেলায় গর্বভরে উড়তে থাকা লাল-সবুজ জাতীয় পতাকার নান্দনিক শিল্পকর্মটি দেখতে পাওয়া যায়। ডুডলটিতে ক্লিক করলে ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬’ এবং ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’ লেখা দেখা যায়।
বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে গুগল। সেই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ এই ডুডল দেখানো হচ্ছে। স্বাধীনতার ৫৬তম বছরে রাষ্ট্রীয় আয়োজনের পাশাপাশি গুগলের এই উদ্যোগে নতুন করে উদযাপিত হচ্ছে বাঙালির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস।



