আট দশকের বেশি সময় ধরে নিজের জাদুকরী কণ্ঠে যিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন, সেই কিংবদন্তি ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলের অবস্থা এখন সংকটাপন্ন । ৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞীকে হঠাৎ করেই শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
চিকিৎসকেরা জানিয়েছেন, হঠাৎ ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ বা হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং বর্তমানে জরুরি ইউনিটে তাঁর চিকিৎসা চলছে । এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
তবে তাঁর নাতনি জানাই ভোসলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি আর বুকে সংক্রমণের কারণেই তাঁর দাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করে সবাইকে আশ্বস্ত করেছেন যে চিকিৎসা চলছে এবং দ্রুতই ভালো খবর আসবে ।
যে আশা ভোসলে কিছুদিন আগেই আবেগঘন কণ্ঠে বলেছিলেন “গাইতে গাইতেই মারা যেতে চাই”, আজ তিনি হাসপাতালের বিছানায় । ‘দাদাসাহেব ফালকে’ ও ‘পদ্মবিভূষণ’ জয়ী এই মহান শিল্পীর দ্রুত সুস্থতার জন্য এখন প্রার্থনা করছে পুরো বিশ্ব।



