বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে এই ম্যাচে তার কাফ মাসলের চোটের কারণে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না; তিনি নিউ জার্সির ট্রেনিং ক্যাম্পে থেকে চিকিৎসা ও পুনর্বাসন করবেন। ৩৪ বছর বয়সী নেইমার পুরো মৌসুমজুড়ে চোটের সঙ্গে লড়াই করলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে রেখেছেন। মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে সেলেসাও শিবিরে। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



