বলিউডে আবারও হইচই ফেলে দিলেন কিং খান শাহরুখ। কাজল ও টুইঙ্কেল খন্নার জনপ্রিয় টকশো ‘Too Much with Kajol and Twinkle’–এ এখনও তাকে দেখা না যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ওঠে নানা প্রশ্ন। অবশেষে নীরবতা ভেঙে নিজের অনুপস্থিতির কারণ জানালেন শাহরুখ খান। রসিকতার ছলে কাজল ও টুইঙ্কেলের কাছে ক্ষমা চাওয়ার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি এক পডকাস্টে তাকে টকশোতে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে শাহরুখ জানান, তিনি বর্তমানে নতুন সিনেমা ‘King’–এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মাঝখানে হাতে চোট লাগায় সময় করে উঠতে পারেননি।
মজা করে তিনি আরও বলেন, “আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওদের শোতে এত বেশি খাবার থাকে যে একটু ভেবে দেখেছি,”—বলে হাসিয়ে দেন সবাইকে।
শেষে কাজল ও টুইঙ্কেলকে উদ্দেশ করে শাহরুখ বলেন, “না যাওয়ার জন্য আমি ওদের কাছে ক্ষমা চাইছি। সত্যিই আমার যাওয়া উচিত ছিল। তবে সশরীরে যেতে না পারলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রতিটি পর্ব দেখে ফেলেছি।”
এদিকে সম্প্রতি লন্ডনে শাহরুখ–কাজল অভিনীত কালজয়ী সিনেমা ‘Dilwale Dulhania Le Jayenge’–এর রাজ–সিমরান চরিত্রের ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করা হয়েছে। সেই উপলক্ষেই আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই জনপ্রিয় জুটি।



