বিশ্বের প্রায় ১৪০ কোটি রোমান ক্যাথলিক বিশ্বাসীর আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কিন-পেরুভিয়ান ধর্মযাজক রবার্ট প্রেভোস্ট। তিনি নতুন পোপ হিসেবে বেছে নিয়েছেন ‘লিও চতুর্দশ’ নাম, যা তার ভবিষ্যৎ নেতৃত্ব ও আদর্শিক অবস্থান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। শুক্রবার (৯ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে পোপ নির্বাচনের এই খবর নিশ্চিত করে।
প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন গরিববান্ধব নীতির প্রতীকী নেতা। আর্জেন্টিনার বস্তিবাসীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি ‘গরিবের পোপ’ নামে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুর পর নতুন পোপ কেমন হবেন—তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম নেয়। লিও চতুর্দশের নামগ্রহণ, প্রথম ভাষণ এবং পোশাকেই সেই প্রশ্নের অনেকটাই উত্তর মিলেছে।
যদিও ‘লিও চতুর্দশ’ নামটি নতুন, এটি একটি ঐতিহাসিক ভিত্তিতে নির্বাচিত। ১৮৭৮ থেকে ১৯০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী পোপ লিও ত্রয়োদশ ছিলেন সামাজিক ন্যায়বিচার ও শ্রম অধিকারের নির্ভীক পৃষ্ঠপোষক। বিশ্লেষকদের মতে, সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতেই নতুন পোপ এই নাম গ্রহণ করেছেন। প্রখ্যাত যাজক ও বিশ্লেষক থমাস রীসের মতে, এই নামের মাধ্যমে পোপ লিও চতুর্দশ স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি চার্চের সামাজিক দায়িত্ব এবং শিক্ষা বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ।
ভ্যাটিকানের সেইন্ট পিটার্স স্কয়ারে প্রদত্ত তার প্রথম ভাষণে পোপ শান্তি, নম্রতা ও ঐক্যের আহ্বান জানান। ভাষণের মূল অংশ ছিল ইতালীয় ভাষায়, তবে নিজের পেরুভিয়ান শিকড়কে সম্মান জানিয়ে কিছু অংশ তিনি স্প্যানিশ ভাষায় বলেন। তিনি ইংরেজি ভাষা এড়িয়ে যান, যা অনেকে দেখছেন আঞ্চলিক সংস্কৃতির প্রতি আনুগত্য কিংবা নতুন রীতির সূচনাবার্তা হিসেবে।
ভাষণে তিনি বলেন, “স্রষ্টার শান্তি হোক আমাদের সকলের মাঝে—একটি নম্র, গভীর ও স্থায়ী শান্তি।” প্রয়াত পোপ ফ্রান্সিসকে স্মরণ করে তিনি বলেন, “তার সাহসী অথচ কোমল কণ্ঠ এখনো প্রতিধ্বনিত হয় আমাদের হৃদয়ে।” ভাষণ শেষে তিনি প্রয়াত ফ্রান্সিসের সর্বশেষ আশীর্বাদবাণীই ব্যবহার করেন, যা একটি ঐক্যের বার্তা হিসেবেই ধরা হচ্ছে।
পোশাকেও ধরা পড়েছে পোপের দর্শন। যেখানে পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ঐতিহ্য ভেঙে সাধারণ পোশাক বেছে নিয়েছিলেন, সেখানে লিও চতুর্দশ পরেছেন ঐতিহ্যবাহী রক্তিম প্যাপাল ক্লোক ও সাদা রোবে—একটি গাম্ভীর্যপূর্ণ উপস্থাপনা। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি চার্চের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই ধারায় থেকেই নেতৃত্ব দিতে চান।
নতুন পোপের নেতৃত্ব সময়ই নির্ধারণ করবে, তবে তার নাম, ভাষণ ও পোশাকই বলে দিচ্ছে—পোপ লিও চতুর্দশ চার্চকে একটি ঐতিহ্যনির্ভর, ন্যায়ের উপর ভিত্তি করা এবং শান্তিপূর্ণ পথে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।



