এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগে উজ্জ্বল ছিলেন রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার।
কম্পাউন্ড ইভেন্টে ব্যক্তিগত সেরা স্কোর ৬৯৩ করে ১২তম হয়েছেন বন্যা আক্তার। একই সঙ্গে দলীয়ভাবে ২,০৬১ স্কোর করে বাংলাদেশ গড়েছে নতুন রেকর্ড। অন্যদিকে রিকার্ভ বিভাগে ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে ষষ্ঠ স্থানে রয়েছেন রাম কৃষ্ণ সাহা।
পুরুষ বিভাগে বাংলাদেশের অন্যান্য আর্চারদের মধ্যে মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম এবং আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে ৪১তম হয়েছেন। রিকার্ভ পুরুষ এককে সাগর, আলিফ ও রাম কৃষ্ণের কাছেই মূলত বেশি প্রত্যাশা বাংলাদেশের।
এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাংলাদেশের চার আর্চারই পেয়েছেন ‘বাই’। এর মধ্যে রাম কৃষ্ণ সাহা পেয়েছেন দুটি ‘বাই’, ফলে সরাসরি সেরা ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি।



