বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহি সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর আবারও আলোচনায় এসেছেন, তবে এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, এক রহস্যময় ফুটবলারের প্রেমে মজেছেন এই গ্ল্যামার গার্ল। সম্প্রতি মরক্কোতে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ (AFCON)-এর একটি ম্যাচ গ্যালারিতে বসে দেখার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। নোরার সোশ্যাল মিডিয়া পোস্টে ফুটবল ম্যাচ ঘিরে তাঁর উচ্ছ্বাস দেখে অনেকেই ধারণা করছেন, নোরার মন জয় করেছেন মরক্কো দলেরই কোনো এক তারকা ফুটবলার।
শোনা যাচ্ছে, ফুটবল ম্যাচটি ছিল কেবল একটি উপলক্ষ; মূলত প্রিয় মানুষের খেলা দেখতেই তিনি সেখানে হাজির হয়েছিলেন। গুঞ্জন রয়েছে যে, মরক্কোর সেই ফুটবলারের সঙ্গে দুবাই ও মরক্কোতে এর আগেও একাধিকবার দেখা করেছেন নোরা। লাল পোশাকে গ্যালারিতে মরক্কোর পতাকা হাতে নোরার উল্লাসের ভিডিও এবং “আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়” ক্যাপশনটি আগুনের ঘি ঢেলেছে। তবে সেই ফুটবলারের নাম বা পরিচয় এখনো রহস্যের আড়ালে রয়ে গেছে। বিষয়টি নিয়ে নোরা বা সংশ্লিষ্ট ফুটবলার—কেউই এখনো মুখ খোলেননি, ফলে ভক্তদের মাঝে কৌতূহল বেড়েই চলেছে।



