বলিউড তারকাদের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো এবারের বড়দিন। প্রতি বছরের মতো এবারও রুপালি পর্দার তারকারা উৎসবের আমেজ ও পারিবারিক মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আলিয়া ভাট এ বছর বড়দিন উদযাপন করেছেন তার নতুন ঘর ‘বাস্তু’তে। রণবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ ভোজের ছবিতে আলিয়ার ঘরোয়া উৎসবের আমেজ ফুটে উঠেছে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জন্য এবারের বড়দিন ছিল অত্যন্ত আবেগের, কারণ মা হওয়ার পর এটিই ছিল ক্যাটরিনার প্রথম বড়দিন। লাল পোশাকে স্বামী ও স্বজনদের সঙ্গে ক্রিসমাস ট্রির সামনে তাদের আনন্দঘন ছবি ভক্তদের নজর কেড়েছে।
কারিনা কাপুর খান বড়দিনের ছুটি কাটাতে স্বামী সাইফ আলি খান ও দুই পুত্রকে নিয়ে গেছেন তাদের ঐতিহ্যবাহী পতৌদি প্যালেসে। সেখানে নিরিবিলি পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল দম্পতিকেও বড়দিনের বিশেষ সাজে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। তবে উৎসবের আমেজে মানবিকতার ছোঁয়া দিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি ‘সিক্রেট সান্তা’ সেজে পথশিশুদের মাঝে উপহার ও চকোলেট বিলিয়ে দিয়ে বড়দিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছেন। তারকাদের এসব ঝলমলে ও বৈচিত্র্যময় উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে উৎসবের বাড়তি জোয়ার তৈরি করেছে।



