কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দুই দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব আয়োজন করা হয়েছে শীতের শুরুতেই। দেশের শীতকালীন ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে নতুন করে তুলে ধরতে মরু অঞ্চল কাবাদে অনুষ্ঠিত এই উৎসব প্রবাসীদের মধ্যে এনে দেয় আনন্দমুখর পরিবেশ। হেমন্তের আগমনের সঙ্গে সঙ্গে দেশে যেমন পিঠা উৎসবের আমেজ তৈরি হয়, ঠিক তেমনি প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও বাংলাদেশিরা রাখতে চেয়েছেন সেই ঐতিহ্যের ছোঁয়া।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হওয়া এই উৎসব আয়োজন করেন কুয়েতে বসবাসরত কুমিল্লার হোমনা থানার প্রবাসীরা। দেশের নানা অঞ্চলের জনপ্রিয় পিঠার সমাহার ছিল এতে— দুধ চিতই, রস মঞ্জুরি, পাটিসাপটা, খলা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি ও নারকেল পিঠার মতো বাহারি স্বাদের পিঠা পরিবেশন করা হয়। আয়োজকদের ভাষ্যে, নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।
প্রবাস জীবনে কর্মব্যস্ততার মাঝে এমন উৎসব প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও বন্ধনকে আরও শক্তিশালী করে। পিঠা পরিবেশনের পাশাপাশি বৃহস্পতিবার রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রবাসী শিল্পীরা পরিবেশন করেন জারি, সারি এবং বাউলসহ বিভিন্ন ধরনের সংগীত। শুক্রবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটান আয়োজকরা। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পরিবার ও অতিথিদের উপস্থিতিতে কাবাদের মরুভূমি এলাকা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।



