বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন চারজন উদীয়মান তরুণ নেতা। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (QECT)’ আয়োজিত ‘QECT ১০০ ইয়ং লিডার্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন তরুণ চেঞ্জমেকারের বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের চার প্রতিনিধি। সম্প্রতি ঢাকার ব্রিটিশ হাই কমিশনে অনুষ্ঠিত এক আয়োজনে এই চারজনের মধ্যে দুই প্রতিনিধি—মুনিয়া ইসলাম মজুমদার এবং শাহ রাফায়াত চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মশতবার্ষিকী স্মরণে এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোতে সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তরুণ সমাজসংস্কারকদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে এ সম্মাননা অর্জন করেছেন—’টিচ ফর বাংলাদেশ’-এর মুনিয়া ইসলাম মজুমদার, ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর শাহ রাফায়াত চৌধুরী, ‘ফার্ম সল্যুশন বাংলাদেশ’-এর ইমরান হামিদ এবং ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’-এর মো. রেজওয়ানুল ইসলাম শুভ। শিক্ষায় সুযোগ সৃষ্টি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সুরক্ষা, টেকসই কৃষি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণদের উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতেই মূলত এই মর্যাদাপূর্ণ গ্লোবাল তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বিশ্বমঞ্চের স্বীকৃতি কেবল তাঁদের কাজের স্বীকৃতিই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক অভাবনীয় গর্বের মুহূর্ত। এই আন্তর্জাতিক সম্মাননার মাধ্যমে সম্মাননাপ্রাপ্ত তরুণরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেটওয়ার্কিং, বিশেষ দক্ষতা উন্নয়ন এবং নিজেদের সামাজিক প্রজেক্টগুলোকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বিজয়ী তরুণদের প্রশংসা করে বলেন, “তাঁদের এই কাজ এবং সাফল্য কমনওয়েলথের উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যকে আরও বেগবান করবে।”



